ম্যাথিউসের সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৬৪
Posted by: News Desk
July 6, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : ৫৫ রানেই নেই ৪ উইকেট। টপ অর্ডারের ব্যর্থতায় রীতিমত ধুঁকছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় বোলারদের তোপ সামলে বিপদের মুখে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বসেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এটি তার বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। তার এ সেঞ্চুরিতে ভর করেই লিডসে ৭ উইকেটে ২৬৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে লঙ্কানরা।
আজ শনিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে যায় শ্রীলংকা। শুরু থেকেই স্বস্তিতে ছিল না শ্রীলঙ্কা। কুশল পেরেরার সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৭ রান তুলতেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে (১০)।
এরপর ব্যর্থতার পরিচয় দেন কুশল পেরেরা (১৮), কুশল মেন্ডিস (৩) আর আভিষ্কা ফার্নান্ডোও (২০)। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে শ্রীলঙ্কা।
যশপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার গতির মুখে পড়ে ১১.৪ ওভারে ৫৫ রানে চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
বুমরাহর গতির বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শ্রীলংকান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার বলে সেই ধোনির হাতেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন কুশল মেন্ডিস। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করা আভিস্কা ফার্নান্দোকে আউট করে সাজঘরে ফেরান রবিন্দ্র জাদেজা।
৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। পঞ্চম উইকেটে তাড়া ১২৪ রানের জুটি গড়েন। ৬৮ বলে চারটি বাউন্ডারিতে ৫৩ রান করে ফেরেন তিনি।
তার বিদায়ের মধ্য দিয়ে ফের ব্যাটিং বিপর্যয় লংকানদের। তবে অনবদ্য ব্যাটিং করে যান ম্যাথিউস। ইনিংস শেষ হওয়ার ১০ বল আগে যশপ্রিত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয় ফেরেন ম্যাথিউস। তার আগে ১২৮ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১১৩ রান করেন তিনি। অসময়ে জ্বলে উঠল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিশ্চিতের পর ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন লংকান এ অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৬৪/৭ (করুনারত্নে ১০, কুসল পেরেরা ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১০-০-৭৩-১, বুমরাহ ১০-২-৩৭-৩, পান্ডিয়া ১০-০-৫০-১, জাদেজা ১০-০-৪০-১, কুলদীপ ১০-০-৫৮-১)
২৬৪ সেঞ্চুরিতে সংগ্রহ শ্রীলংকার ম্যাথিউসের 2019-07-06