ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের স্বপ্নভঙ্গ
Posted by: News Desk
March 14, 2018
এমএনএ স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায়ের লজ্জায় ডুবেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে ভিজিটরদের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক ফ্রেঞ্চ স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের।
গোলশূন্য ড্রয়ের প্রথম লেগের পর ওল্ড ট্রাফোর্ডে ফিরতি পর্বের ম্যাচে আক্ষেপে পুড়ে ইংলিশ জায়ান্টরা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর সানচেজ-রাশফোর্ড-মাতা-মার্শাল-পগবা-লুকাকুদের চোখেমুখে রাজ্যের হতাশাই ফুটে ওঠে।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ইউনাইটেড। আলেক্সিস সানচেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে মারোয়ানি ফেলাইনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রিকো। সঙ্গতভাবেই প্রথমার্ধ থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি সেভিয়ার মিডফিল্ডার কোররেয়া। চার মিনিট পর ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান রিকো।
৭২তম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার লুইস মুরিয়েলের বদলি হিসেবে বেন ইয়েদেরকে নামান সেভিয়া কোচ। দুই মিনিট না যেতেই কোচের আস্থার প্রতিদান দিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান। এর চার মিনিট পর সেভিয়া দর্শকদের উল্লাসে মাতান ইয়েদের। ম্যানইউর জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে স্কোরলাইন করে দেন ২-০। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্প্যানিশ দলটি।
৭৪তম মিনিটে পাবলো সারাবিয়ার পাস ধরে ডি-বক্সে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে প্রথম গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের।
আর্জেন্টাইন মিডফিল্ডার কোররেয়ার ক্রস গোলমুখে পেয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার বেন ইয়েদের। বল গোলরক্ষক দাভিদ দে হেয়ার হাতে লেগে গোললাইনে ড্রপ খেয়ে বারে লেগে ভিতরে ঢুকে যায়।
৮৪তম মিনিটে কাছ থেকে ব্যাবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। কিন্তু শেষ পর্যন্ত সেভিয়ার পথে বাধা হতে পারেনি তারা।
যোগ করা সময়ে গোলরক্ষক দে হেয়াকে একা পেয়ে তার পায়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হারান বেন ইয়েদের।
শেষ আটে যেতে হলে স্বাগতিকদের আরও দু’টি গোল করতে হতো। শেষ পর্যন্ত ইয়েদের ম্যাজিকে হোম ভেন্যুতে স্বপ্নভঙ্গ হয় রেড ডেভিলসদের।
১৯৫৭-৫৮ মৌসুমের পর ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠল সেভিয়া। দীর্ঘ ৬০ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
এদিকে, অপর ম্যাচে শাখতার দোনেস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আটে উঠে গেছে রোমা। প্রথম লেগে ২-১ গোলে হেরেও কোয়ার্টারের টিকিট কাটলো ইতালিয়ান পরাশক্তিরা।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন এদিন জেকো। অফসাইডের ফাঁদ ভেঙে ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রোটমানের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন বসনিয়ার ফরোয়ার্ড।
৭৯তম মিনিটে জেকোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউক্রেনের ডিফেন্ডার ইভান অরডেটস। এক জন কম নিয়ে আর পেরে ওঠেনি শাখতার।
এর আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে গত দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, গতবারের রানার্সআপ ইউভেন্তুস, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।
ইউনাইটেডের চ্যাম্পিয়নস ম্যানচেস্টার লিগের স্বপ্নভঙ্গ 2018-03-14