Don't Miss
Home / হোম স্লাইডার / যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি অচলাবস্থা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি অচলাবস্থা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাটডাউন চলছে। এতে করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মীদের মধ্যে এফবিআই এজেন্ট থেকে শুরু করে জেলখানা পাহারার কর্মীরাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সরকারে অচলাবস্থা (শাটডাউন) টানা ২২ দিনে পৌঁছেছে আজ শনিবার। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাটডাউন। এর আগে ১৯৯৫-৯৬ সালে বিল ক্নিনটনের আমলে টানা ২১ দিন অচলাবস্থা ছিল যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি ও সিএনএনের

গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এই অচলাবস্থা নিরসনে সরকারের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অচলাবস্থাকে থোড়াই কেয়ার করে নিজের প্রতিশ্রুতি মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে অটল রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ পেতে আবারও জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন তিনি।

এই অচলাবস্থার কারণে আটকে আছে ফেডারেল সরকারের ৮ লাখ কর্মকর্তার বেতন। বিমানবন্দরকর্মী, কারারক্ষী এবং এফবিআই এজেন্টসহ আরও অনেকগুলো সরকারি সংস্থার কর্মীরা গত শুক্রবার তাদের নতুন বছরের প্রথম বেতন পাননি। ফলে বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণাকালে অন্যতম আশ্বাস ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। কিন্তু ডেমোক্র্যাটদের বিরোধিতায় আটকে আছে তার সে পরিকল্পনা।

মেক্সিকো দেয়াল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি অবস্থানে গত ২২ ডিসেম্বর থেকে মার্কিন কেন্দ্রীয় সরকারের অসংখ্য বিভাগ ও সংস্থায় অচলাবস্থা দেখা দেয়।

অচলাবস্থা নিরসনে গত বুধবার ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সেই বৈঠক ওয়াক-আউট করেন তিনি। হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী এবং সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করার ব্যাপারে আগের অবস্থানে অটল থাকলে ট্রাম্প আলোচনা থেকে বের হয়ে আসেন।

হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী বলেছেন, বিপুল সংখ্যক কেন্দ্রীয় কর্মচারীদের বেতন দিতে না পারাটা একই সঙ্গে আরেকটা ক্ষতি। প্রেসিডেন্ট মনে হচ্ছে তাদের প্রতি অসংবেদনশীল হচ্ছেন। তিনি (ট্রাম্প) হয়তবা মনে করছেন তারা তাদের বাবার কাছে অর্থ চাচ্ছেন।

চাক শুমার সাংবাদিকদের জানিয়েছেন, পেলোসী যখন দেয়াল নির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দে অনুমোদন দিতে রাজি হননি তখনি প্রেসিডেন্ট আলোচনার মাঝখানে উঠে চলে যান।

এর আগে ট্রাম্প স্পিকার পেলোসীকে জিজ্ঞেস করেন, আপনি কী আমার দেয়াল নির্মাণের ব্যাপারে রাজী আছেন? জবাবে স্পিকার বলেন ‘না’। এরপরই ট্রাম্প বৈঠক থেকে বের হয়ে আসেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দেয়াল নির্মাণের বরাদ্দ বাবদ ৫ দশমিক ৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার পাস করাতে চান। এটা অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর বলে মনে করছেন ডেমোক্রেটরা।

ডেমোক্র্যাটরা বলছে, যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের করের টাকা দিয়ে দেয়াল নির্মাণ করতে দেওয়া হবে না। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটরা একটি বাজেট বিল পাস করলেও তাতে মেক্সিকো সীমান্তের জন্য তহবিল বরাদ্দ রাখা হয়নি।

অন্যদিকে ট্রাম্প বলছেন, তার দাবিকৃত বরাদ্দ না রাখলে কোনো বাজেট বিলই তিনি অনুমোদন দেবেন না। উপরন্তু কংগ্রেসকে এড়িয়েই দেয়াল নির্মাণে জরুরি অবস্থা জারি করতে পারেন ট্রাম্প- এমন হুমকি দিয়ে আসছেন গত কয়েকদিন ধরে। মূলত এ দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্র সরকারে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি যেকোনো মূল্যে দেয়াল নির্মাণ করবেন। তবে ডেমোক্র্যাটরা বলছেন, তারা জনগণের করের টাকায় এ প্রতিশ্রুতি পূরণ হতে দেবে না। তথ্যসূত্র: বিবিসি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...