যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ১৫
Posted by: News Desk
September 3, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালেফর্নিয়ার তীরবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নিহত হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছেন ১৮ জন। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের একটি নৌকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেটি ডুবে যায়।
খবরে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর লোকজন ও ডুবুরিরা। উদ্ধার কাজে নিয়োজিত দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮। এছাড়া উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির কোস্টগার্ড। এদের মধ্যে ৫ জনই নৌকাটির ক্রু। আর মৃ্ত্যু নিশ্চিত করা হয়েছে ১৫ জনের। নৌকাটিতে ৩৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
ক্যালিফর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ সংবাদ সংস্থা সিএনএনকে জানিয়েছেন, নৌকাটি বড় ছিল। সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন জানান, আগুন লাগার পর নৌকাটি পানির ১৮ মিটার গভীরে (৬০ ফুট) উল্টা হয়ে ডুবে আছে।
জানা যায়, গতকাল শনিবার সকালে ৩৯ জন আরোহী নিয়ে কনসেপশন ক্যালিফোর্নিয়ার চ্যানেল দ্বীপপুঞ্জে (সান্তা ক্রুজ এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ) গিয়েছিল।
স্থানীয় এক কোস্টগার্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৩টার দিকে সান্তা ক্রুজ দ্বীপ থেকে ছেড়ে আসার অল্প সময় পরই ৭৫ ফুট লম্বা নৌকাটিতে আগুন ধরে যায়। আগুন লাগার কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন। ফলে তারা পালাতে পারেননি। তবে নৌকার ডেকে থাকা পাঁচ নাবিক দ্রুত একটি সেতুতে নেমে পড়েন। ফলে বেঁচে যান তারা। তথ্য সূত্র: সিএনএন, লস অ্যাঞ্জেলস টাইমস
নিহত ১৫ যাত্রীবাহী আগুন যুক্তরাষ্ট্রে নৌকায় 2019-09-03