রসিক নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
Posted by: News Desk
November 26, 2017
এমএনএ জেলা প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমাদানকারী ছয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থীরও মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা আপিলের জন্য তিন দিনের সময় পাবেন।
আজ রবিবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। তিনি জানান, এখন বৈধ মেয়র প্রার্থী রয়েছেন সাতজন, সংরক্ষিত নারী কাউন্সিলর ৬৩ এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ২১৮ জন।
জানা যায়, মেয়র পদে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২২ নভেম্বর জমা দেওয়ার শেষ দিনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাতজন। এর মধ্যে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ছাড়া সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বাতিল হওয়া মেয়র প্রার্থীরা ভোটারদের ভুয়া স্বাক্ষর দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিল। যাদের নামে স্বাক্ষর দেওয়া হয়েছিল, তারা অনেকেই স্বাক্ষরের কথা জানেন না। ফলে যুবদল নেতা নাজমুল আলম নাজু, সাবেক জাপা নেতা ও সাবেক মেয়র আবদুর রউফ মানিক, নারী প্রার্থী সুইটি আনজুম, আবদুল মজিদ, সাকিল রায়হান ও মেহেদি হাসান বনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে চার এবং সাধারণ কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বর্তমানে মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, বাসদের আবদুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা ও এনপিপির সেলিম আকতার।
আগামী ৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে প্রার্থীদের মধ্যে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।
রসিক ৬ প্রার্থীর নির্বাচনে পদে মনোনয়ন মেয়র বাতিল 2017-11-26