এমএনএ প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে স্বামী মনোয়ার হোসেন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেছেন ভুক্তভোগী স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মনোয়ার হোসেন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন। এ সময় তিনি স্ত্রীকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করেন এবং বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। স্ত্রী বাধা দিলে তিনি তাকে মারধর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মনোয়ার রান্নাঘর থেকে একটি চাপাতি এনে স্ত্রীকে কোপ দেওয়ার চেষ্টা করেন। প্রাণভয়ে স্ত্রী তাঁর দুই সন্তানকে নিয়ে একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন।
শুক্রবার সকালে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ভুক্তভোগী নারী জানান, “প্রায় দুই-তিন বছর ধরে সে নিয়মিত নেশা করে বাসায় এসে অশান্তি করে। আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে।”
একই ভবনের বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই বাসার ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ শুনতে পান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশীরা চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ভাটারা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বলা হলেও মনোয়ার সাড়া দেননি। একপর্যায়ে পুলিশ দরজা ভাঙার প্রস্তুতি নিলে তিনি দরজা খুলে দেন। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরে স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ভবনের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, এর আগেও নেশাগ্রস্ত অবস্থায় মনোয়ার একই ভবনের এক বাসিন্দা এবং নিরাপত্তাকর্মীকে চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্ত্রীর করা মামলায় মনোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

