Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বেশিরভাগ সবজি ৮০-১২০ টাকায়

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বেশিরভাগ সবজি ৮০-১২০ টাকায়

অর্থনৈতিক প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। কয়েক দিনের টানা বৃষ্টি, জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ায় কিছু সবজির সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। ফলে বাজারে এখন প্রায় সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের জন্য সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। এসব সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

বর্তমান বাজারদর অনুযায়ী, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কাঁকরোলের কেজি ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা। দেশি শসা প্রতি কেজি ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে ধুন্দল প্রতি কেজি ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা এবং জালি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের দামও বেশ চড়া, প্রতি কেজি ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, “আজ বাজারে এসে দেখি সব ধরনের সবজির দাম অনেক বেশি। ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগেও পেঁপে তুলনামূলক সস্তা ছিল, এখন সেটিও ৮০ টাকা কেজি। শসা, করলা, বেগুন, কাঁকরোল—সবই ১২০ টাকা কেজি। সাধারণ মানুষের জন্য এই দামে সবজি কিনে খাওয়া খুব কঠিন হয়ে গেছে।”

সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা চাঁদ মিয়া বলেন, কয়েক দিনের বৃষ্টিতে অনেক কৃষকের সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। একই সঙ্গে জ্বালানি তেলের কারণে পরিবহন খরচও বেড়েছে। এছাড়া কিছু সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় নতুন করে পর্যাপ্ত সরবরাহ আসছে না। সব মিলিয়েই বাজারে দাম বাড়তি।

তিনি আরও বলেন, “দাম বাড়ায় ক্রেতারাও আগের মতো কিনতে পারছেন না। আগে যারা এক কেজি করে সবজি কিনতেন, তারা এখন আধা কেজি নিচ্ছেন। আমরাও আগের মতো বেশি পরিমাণে সবজি তুলতে পারছি না। আগে যে সবজি ২০ কেজি আনতাম, এখন ১০ কেজি আনি। নতুন মৌসুমের সবজি বাজারে এলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলে আশা করছি।”

x

Check Also

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ দৃঢ় অবস্থানে, মোমিনুলও সেঞ্চুরির পথে

খেলাধুলা প্রতিবেদক পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দারুণ এক ইনিংস খেললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। চাপের ...