রাজধানীর বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
July 28, 2018
এমএনএ রিপোর্ট : দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর বাড্ডা ইউলুপটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপ পরিদর্শন করেন।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২০১৬ সালের ২৫ জুন রামপুরা অংশের সাউথ ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে।
রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক এলাকা। যানজট কমাতে ওই সড়কের মেরুল এলাকায় তৈরি করা হয়েছে বাড্ডা ইউলুপ। ইউলুপটি ব্যবহার করে হাতিরঝিল থেকে বের হয়ে সহজেই রামপুরা-বনশ্রী-মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এ সব এলাকা থেকে যেকোনো যানবাহন নির্বিঘ্নে হাতিরঝিল দিয়ে কাওরান বাজার বা মগবাজারের দিকে যেতে পারবে।
রাজউক অংশে হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আখতার ভুঁইয়া জানান, যানচলাচলে গতি আনতে সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের অধীনে মেরুল বাড্ডা ইউলুপটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটির নির্মাণ কাজ শতভাগ শেষ।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত করা হয়েছে বাড্ডা ইউলুপ। যার দৈর্ঘ্য ২১৫ মিটার, প্রস্থ ৮-১২ মিটার। ইউলুপ নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। শুরুতে এর নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা ধরা হয়।
তবে ইউলুপের মূল সড়কের ভূগর্ভস্থ ডেসকো, বিটিসিএল, তিতাস, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার তার সরাতে সময় লেগে যায়।
এছাড়া ইউলুপের ডাইভারশন সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে মামলা থাকায়ও কাজ শেষ করা যায়নি। সে সময় প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সরকারের কাছে পঞ্চমবারের মতো আরও দেড় বছর সময় চায় রাজউক। তবে এজন্য প্রকল্পের ব্যয় বাড়েনি।
রাজধানীর উদ্বোধন করলেন বাড্ডা ইউলুপ প্রধানমন্ত্রী 2018-07-28