Don't Miss
Home / হোম স্লাইডার / রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফর প্রস্তাব বাতিল প্রধানমন্ত্রীর, প্রকৌশলীকে পাঠানোর নির্দেশ

রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফর প্রস্তাব বাতিল প্রধানমন্ত্রীর, প্রকৌশলীকে পাঠানোর নির্দেশ

এমএনএ প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ট্রিট লাইটিংয়ের আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে প্রস্তাবিত এ সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন—এমন কর্মকর্তার বিদেশ সফরের প্রয়োজন নেই।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

সোমবার এ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন আসে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এ ধরনের প্রযুক্তিগত সফরে প্রকৌশলীদের অংশগ্রহণই বেশি কার্যকর হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট কোনো প্রকৌশলী এ বিষয়ে জ্ঞান অর্জন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে প্রশাসক প্রকৌশলী না হওয়ায় তাঁর সফর প্রয়োজনীয় গুরুত্ব বহন করে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ সফরে যেতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ে কাজের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে মশকনিধনের আধুনিক পদ্ধতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী।

ওই সময় তিনি মন্তব্য করেছিলেন, মশা নিয়ন্ত্রণের পদ্ধতি শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই; দেশীয় বাস্তবতা পর্যবেক্ষণ করেই কার্যকর সমাধান খোঁজা সম্ভব।

এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রেও একই ধরনের অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব দেওয়া হলেও তা অনুমোদন করা হয়নি। পরিবর্তে নতুন প্রতিষ্ঠান স্থাপন করে নামকরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলোর মতে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে সরকারের দুটি নীতিগত অবস্থান স্পষ্ট হয়েছে—বিদেশ সফরের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্টতার বিষয়কে অগ্রাধিকার দেওয়া এবং বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বদলে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রবণতাকে উৎসাহিত করা।

x

Check Also

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি সন্দেহে মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়ার অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি এপিডিআরের

এমএনএ প্রতিবেদক ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ...