Don't Miss
Home / রাজনীতি / রামপুরার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কিনা খতিয়ে দেখার নির্দেশ সেতুমন্ত্রীর
বাসের চাপায় কলেজছাত্র

রামপুরার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কিনা খতিয়ে দেখার নির্দেশ সেতুমন্ত্রীর

এমএনএ রাজনীতি ডেস্ক : রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় কলেজছাত্র নিহতের ঘটনাটি মোটেই দুর্ঘটনা নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এ ঘটনা বিএনপি-জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ফাইভ জি ফ্রন্টায়ার টেকনোলজি’ শীর্ষক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে। এর ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে ‘নিরাপদ সড়ক চাই’ ফেসবুক পেজের মাধ্যমে ঘটনাস্থল থেকে লাইভ করা হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। এটা কি নিছক দুর্ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত?

তিনি আরো বলেন, রাত ১১টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই প্রায় ১৫টি বাসে আগুন দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি আসলেই দুর্ঘটনা কিনা?

সেতুমন্ত্রী বলেন, ঘটনার ১২ মিনিটের মধ্যেই নিরাপদ সড়ক চাই পেজ লাইভে গেলো কীভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিলো? বাশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কীভাবে?

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, এতো জনবল রাত ১১টার পর ঘটনাস্থলে এলো কীভাবে? তাহলে তারা কি আগেই প্রস্তুত ছিলো?

এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে এ ফাইভ-জি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহর, শিল্প প্রতিষ্ঠান নির্ভর এলাকাসমূহে বিস্তারের পরিকল্পনা রয়েছে। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...