Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভিডিও এসিসটেন্ট রেফারিং

রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভিডিও এসিসটেন্ট রেফারিং

এমএনএ স্পোর্টস ডেস্ক : গোল নিয়ে গোলমাল তো কম দেখেনি বিশ্ব ফুটবল। শুধু কী গোল? পেনাল্টি, অফসাইড কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে হয়েছে গণ্ডগোলও। তবে এসব নিয়ে ‘গোল’ বাঁধার দিন বুঝি ফুরিয়ে এল। সে লক্ষ্যেই রাশিয়া ফুটবল বিশ্বকাপ থেকে চালু হতে যাচ্ছে ভিডিও এসিসটেন্ট রেফারিং (ভিএআর) পদ্ধতি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কণ্ঠে কিন্তু সেই সুর-ই বাজছে, ‘এখনকার দিনে ভিডিও রেফারিং ফুটবলেরই অংশ। এই পদ্ধতি নিয়ে আমরা আশাবাদী।’ মার্চের ১৬ তারিখে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বিবিসেকে জানান ফিফার এই কর্তাব্যক্তি।
এর মধ্যেই ইংলিশ ঘরোয়া কাপের বেশ কয়েকটি ম্যাচে পরীক্ষামূলক ভাবে টেলিভিশন রেফারি রাখা হয়েছিল। ইংলিশ কাপ ছাড়াও জার্মানি এবং ইতালিতেও এই প্রযুক্তির ব্যবহার হয়েছে। সুফলও পাওয়া গেছে ভালো। সে জন্যেই ফুটবলের আইন প্রনেতারা সুইজারল্যান্ডের জুরিখে এক সভায় ভিএআর পদ্ধতির পক্ষে ভোট দেন। সব ঠিক থাকলে রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮তেই এই পদ্ধতি প্রয়োগ হবে। গতকাল শনিবার দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর ওই সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ফিফার গভর্নিং বডি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সমন্বয়ে আইএফএবি গঠিত হয়েছে।
হুট করেই এমন সিদ্ধান্ত নেয়নি আইএফএবি। রীতিমতো গবেষণা চালিয়েছে এর ওপর। বেলজিয়ামের দ্য ক্যাথোলিক ইউনিভার্সিটি লিউবেনের গবেষণার পর এই সিদ্ধান্ত নেন তাঁরা।
ফুটবল ভক্তরা এই সিদ্ধান্তে হতাশ হবেন না। এমনটি মনে করছেন জিয়ান্নি ইনফান্তিনো, ‘প্রায় ১ হাজার ম্যাচের ভিডিও রেফারিং নিয়ে গবেষণা করা হয়। নির্ভুলতার মাত্রা ৯৩ শতাংশ থেকে ৯৯ শতাংশে গিয়ে দাঁড়ায়। যা প্রায় নিখুঁত-ই।’
রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের পর মাঠে থাকা বড় পর্দায় ফুটেজটি আবারও দেখানো হবে। যেটি দেখে কিংবা যার মাধ্যমে মাঠের রেফারি এবং ভিডিও রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। মাঠের রেফারির সিদ্ধান্ত, মাঠের বাইরে টেলিভিশন রেফারির সিদ্ধান্ত। এসব নিয়ে দর্শকরা বিভ্রান্ত হতে পারেন। সেজন্যেই এর এমন ব্যাখ্যা দিয়েছেন ফিফার প্রযুক্তি বিষয়ক প্রধান কর্মকর্তা জোহানেস হজমুলার।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...