Don't Miss
Home / আজকের সংবাদ / রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল নতুন ইসি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল নতুন ইসি

মএনএ রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন সদস্যরা।

শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনাররা আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে চলার জন্য নতুন কমিশনারদের রাষ্ট্রপতি পরামর্শ দেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

সাংবাদিকদের তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অন্যতম উপাদান। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সহযোগিতা আবশ্যক।

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাক্ষাতের সময় আশা করেন, সিইসির নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন আস্থার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবে।

প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় নতুন সিইসি বলেন, তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব তারা একাগ্রতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবে।

সিইসি এসময় সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।

জনগণের আস্থা অর্জনে দৃঢ়তার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের কথাও রাষ্ট্রপতির কাছে ব্যক্ত করে নির্বাচন কমিশন।

অনুসন্ধান কমিটির দেওয়া ১০টি নামের সুপারিশ থেকে গত ২৫ জানুয়ারি পাঁচজনকে নতুন ইসির জন্য নিয়োগ দেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ ওই রাতেই প্রজ্ঞাপন জারি করে।

সিইসি হিসেবে কে এম নূরুল হুদা নেতৃত্বে এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে এসেছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরী।

নতুন কমিশনের প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের জোট শরিকরা ‘আস্থা’ রাখলেও বিএনপি ও সমমনা দলগুলো ‘হতাশা’ প্রকাশ করেছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচন কমিশনারদের সঙ্গে অন্যদের মধ্যে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...