নারায়নগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। এতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বউবাজার এলাকার বাসিন্দা আফজাল খান ও তার সহযোগী অজ্ঞাত এক যুবককে অভিযুক্ত করা হয়। বিকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাসায় ঢোকে। তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়—তাদের কথা না শুনলে ভুক্তভোগী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তি এবং পরে আফজাল ওই নারীকে ধর্ষণ করে।
ওসি সবজেল হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

