লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত
Posted by: News Desk
January 23, 2019
এমএনএ জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-চৌমহনী আঞ্চলিক সড়কের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রলীগ নেতাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হল তার পরিবারের ছয় সদস্যসহ এই সাতজন।
নিহতরা হলেন- চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ অন্তরের বাবা শাহ আলম, মা নাসিমা আক্তার, অন্তরের নানী শামছুন্নাহার, খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ৮ বছর বয়সী ভাই অমিত এবং অটোরিকশা চালক নূর হোসেন সোহাগ। নিহত অটোরিকশাচালক নুর হোসেন একই উপজেলার নেয়ামতপুর এলাকার বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান খান জানান, আজ বুধবার ভোর ৫টার দিকে রতনপুর এলাকায় ঢাকা-রায়পুর মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ওই সাত আরোহীর মৃত্যু হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ জানান, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান বলেন, কুয়াশার মধ্যে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ সবাই ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিও উল্টে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ট্রাক সংঘর্ষে লক্ষ্মীপুরে অটোরিকশা ৭ জন 2019-01-23