Don't Miss
Home / আজকের সংবাদ / লাস ভেগাস কনসার্টে কে এই হামলাকারী?

লাস ভেগাস কনসার্টে কে এই হামলাকারী?

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনসার্টে গুলি চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যার জন্য যাকে দায়ী করা হচ্ছে, সেই স্টিভেন প্যাডক ছিলেন একজন পয়সাওয়ালা সাবেক অ্যাকাউন্টেন্ট; নেভাডার মেসকিটে এক বাড়িতে নিরিবিলি অবসর জীবন কাটাচ্ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। এর আগে তার কোনো অপরাধে জড়িত হওয়ার রেকর্ড নেই পুলিশের খাতায়।

তবে একজন প্রতিবেশী বলেছেন, জুয়ার নেশা ছিল প্যাডকের। আর তার আচার আচরণ ছিল ‘অদ্ভুত’।

রয়টার্স লিখেছে, প্যাডক মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে মনে করার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা।

লাস ভেগাসে রোববার মধ্যরাতে যা ঘটেছে, তাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ‘মাস শ্যুটিং’ বলা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা গতবছর জুনে ফ্লোরিডার অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলার ঘটনাকে ছাড়িয়ে গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ম্যান্ডালে বে হোটেল অ্যান্ড ক্যাসিনোর ৩২ তলার একটি কক্ষ থেকে পাশের খোলা জায়গায় রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট দেখতে জড়ো হওয়া ২২ হাজার মানুষের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি শুরু করেন প্যাডক।

পুলিশ ওই কক্ষে পৌঁছানোর আগেই তিনি অস্ত্র ঘুরিয়ে নেন নিজের দিকে। ততক্ষণে তার গুলিতে নিহত হয়েছেন ৫৯ জন, আহত পাঁচ শতাধিক।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো সাংবাদিকদের জানিয়েছেন, প্যাডক ৩২ তলার ওই কক্ষে উঠেছিলেন গত বৃহস্পতিবার। সেখানে ১৬টি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। আরও ১৮টি অস্ত্র এবং কয়েক হাজার রাউন্ড গুলি পাওয়া গেছে গেছে তার মেসকিটের বাড়িতে। ওই বাড়ি এবং গাড়ির মধ্যে বিস্ফোরক ও কিছু ইলেকট্রনিক ডিভাইসও মিলেছে।

লাস ভেগাসের বন্দুকের দোকান নিউ ফ্রন্টিয়ার আরমারির মালিক ডেভিড ফামিগ্লিয়েত্তি বিবিসিকে বলেছেন, গত বসন্তে তার দোকান থেকে অস্ত্র কিনেছিলেন প্যাডক। রাজ্যের সব নিয়ম মেনে এবং এফবিআইয়ের ছাড়পত্র পাওয়ার পরই তার কাছে অস্ত্র বিক্রি করেন তিনি।

তবে কনসার্টে হামলার সময় ধারণ করা ভিডিওতে যে ধরনের গুলির শব্দ পাওয়া গেছে, তা ওই প্যাডকের কেনা ওই শটগান ও রাইফেলের কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফামিগ্লিয়েত্তি। তার ধারণা, প্যাডক ওইসব অস্ত্রে গঠনগত পরিবর্তন এনে থাকতে পারেন।

আইএসের পক্ষে দাবি তোলা হয়েছে, এক মাস আগে প্যাডক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি কোনো সন্ত্রাসী দলের সঙ্গে প্যাডকের যোগাযোগের কোনো প্রমাণ মেলেনি।

সন্দেহভাজন ওই বন্দুকধারীর ভাই এরিক প্যাডক সাংবাদিকদের বলেছেন, তাদের বাবা ছিলেন একজন ব্যাংক ডাকাত। এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তার নাম ছিল। একবার জেল পালানোর ইতিহাসও তার ছিল।

মেসকিটের এই এলাকার সুনশান চমৎকার একটি বাড়িতে থাকতেন লাস ভেগাসের কনসার্টে হামলাকারী প্যাডক।

যুক্তরাষ্ট্রের পুলিশ ১৯৬৯ সালে একটি পোস্টার বের করে, যাতে প্যাট্রিক বেঞ্জামিন প্যাডককে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সে মনোবিকারগ্রস্থ একজন অপরাধী।

অরল্যান্ডোতে নিজের বাড়িতে এরিক প্যাডক সাংবাদিকদের বলেন, তার ভাইকে যে ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, তাতে তাদের পরিবার স্তম্ভিত। স্টিভেন এ ধরনের কাজ কেন করতে যাবেন, তার কোনো যুক্তি তারা খুঁজে পাচ্ছেন না।

“সে এমন একজন মানুষ যে ভিডিও পোকার খেলতে ভালোবাসত, সাগরে ঘুরে বেড়াত, টাকো বেলের বারিটো খেতো।”

ভাইয়ের দাবি, স্টিভেন অস্ত্রবাজ কোনো লোক ছিল না, তার কোনো মিলিটারি ব্যাকগ্রাউন্ডও ছিল না। তাদের দাবি, আসল হামলাকারী হয়ত পালিয়ে গেছে।

এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি কয়েক লাখ ডলার দানের বড় কয়েকটি জুয়ায় অংশ নেন স্টিভেন প্যাডক। তবে খেলায় তিনি হেরেছেন না জিতেছেন- সে তথ্য জানা যায়নি।

তার আরেক ভাই ব্রুস প্যাডক এনবিসি নিউজকে বলেছেন, আবাসন খাতের বিনিয়োগকারী স্টিভেন ছিলেন একজন কোটিপতি।

সামরিক সরঞ্জাম তৈরির ব্যবসায় থাকা কোম্পানি লকহিড মার্টিন জানিয়েছ, তিন দশক আগে তাদের আগের মালিকের এক কোম্পানিতে কাজ করেছিলেন স্টিভেন প্যাডক।

মামুলি ট্রাফিক আইন লঙ্ঘন ছাড়া তার আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই বলে লাস ভেগাস পুলিশ জানিয়েছে।

নেভাডার রেনো থেকে ২০১৬ সালের জুনে মেসকিটের ওই দোতলা বাড়িতে ওঠেন প্যাডক। নথিপত্র অনুযায়ী, তার ৬২ বছর বয়সী বান্ধবী মারিলু ডেনলিও ওই বাড়িতে তার সঙ্গে ছিলেন।

কনসার্টে হামলার ঘটনার পর ওই নারীর খোঁজ করতে শুরু করে পুলিশ। পরে জানা যায়, তিনি আছেন যুক্তরাষ্ট্রের বাইরে, জাপানে। যেহেতু ঘটনার সময় তিনি প্যাডকের সঙ্গে ছিলেন না, সেহেতু তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানান তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট উড়োজাহাজ চালানোর লাইসেন্স ছিল প্যাডকের। দুটো ছোট উড়োজাহাজও ছিল তার।

প্যাডকের সাবেক প্রতিবেশী ডায়ানে ম্যাককে (৭৯) ওয়াশিংটন পোস্টকে বলেন, সন্দেহভাজন ওই লোক ও তার বন্ধবী সব কিছু থেকে নিজেদের আড়ালে রাখার চেষ্টা করতেন।

“ও ছিল খুবই অদ্ভুত। নিজের মধ্যেই থাকত। ভাবটা ছিল এমন, যে আশপাশে আর কেউ আছে কি না, সেদিকে তার খেয়ালই নেই।”

কনসার্টে গুলি বর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯জনে। আহত অন্তত ৫২৭জন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় বলেন, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে এমন ঘটনা মোকাবিলা করবে। তিনি বলেন, এটা সাক্ষাত শয়তানের কাজ। এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিজ এটি নিয়ে কাজ শুরু করেছে এবং স্থানীয় প্রশাসনও তাদের সাহায্য করছে।

তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী এর দায় স্বীকার করেছে। আইএস বলছে যে, এই হত্যাকারী স্টিফেন প্যাডক ছিল ধর্মান্তরিত মুসলিম। সুত্র: বিবিসি।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...