Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / শতভাগ বিদ্যুতায়ন সুষম উন্নয়ন নিশ্চিত করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুতায়ন

শতভাগ বিদ্যুতায়ন সুষম উন্নয়ন নিশ্চিত করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দেশে শতভাগ বিদ্যুতায়ন সুষম উন্নয়ন নিশ্চিত করবে। যত দ্রুত বিদ্যুতায়ন হবে, উন্নয়ন তত দ্রুত হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই গ্রীড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহীর অফগ্রীড চরাঞ্চলসমূহে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল এ সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যুৎ সেবা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার ব্যাপক হারে বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রীড, স্ক্যাডা, ইআরপি, আধুনিক ট্রান্সফরমার, ভূগর্ভস্থ তার প্রভৃতি বিদ্যুৎ পরিষেবা আরো বাড়িয়ে দেবে। চর-আসাড়িয়াদহ, চর আলাতুলী, চর মাজারদিয়া, চর খিদিরপুর সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুতায়ন করা হলো।

সোলার হোম সিস্টেম ব্যবহারে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। বর্তমানে সারা দেশে ৫৮ লাখ সোলার হোম সিস্টেম ব্যবহৃত হচ্ছে। গ্রাহক সেবা আরো বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

চর-আসাড়িয়াদহ, চর আলাতুলী, চর মাজারদিয়া, চর খিদিরপুর রাজশাহীর এই চারটি চরে সম্ভাব্য গ্রাহক সংখ্যা ৬ হাজার ৫শ । এর মধ্যে ১ হাজার ৫৭২টি সোলার হোম সিস্টেম সংযোগ প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল সংযোগ সম্পন্ন করা হবে। নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...