Don't Miss
Home / আজকের সংবাদ / শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

শপথ নিলেন সিইসি ও চার কমিশনার

এমএনএ রিপোর্ট : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সাংবিধানিক দায়িত্ব পালন করতে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নিলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বুধবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন ইসির এই সদস‌্যদের শপথ পড়ান।

সিইসি নূরুল হুদাসহ নতুন কমিশনের সদস‌্যরা বেলা ২ টা ৫০ এর মধ‌্যেই জাজেস লাউঞ্জে পৌঁছে যান। প্রধান বিচারপতি আসেন বিকাল ঠিক ৩টায়।

তিনি প্রথমে শপথ পড়ান সিইসি কে এম নূরুল হুদাকে। সিইসি শপথ নামায় সই করার পর তাকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি।

এরপর একইভাবে একে একে মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নেন।

সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস‌্যের এই কমিশনের অধীনেই আগামী পাঁচ বছর জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব ভোট হবে। ২০১৯ সালের শুরুতে তাদের অধীনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

নূরুল হুদার এই ইসিতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

শপথ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। নতুন ইসি গঠনের জন‌্য অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেওয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও আপিল বিভাগের বিচারক এবং সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

নতুন সিইসি আজ বিকেল পাঁচটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করবেন। নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...