শবে বরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ : ডিএমপি
Posted by: News Desk
April 20, 2019
এমএনএ রিপোর্ট : আগামীকাল রবিবার পবিত্র শবে বরাত। এদিন আতশবাজি সহ সবধরনের ক্ষতিকারক ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিতকরণকল্পে এ নির্দেশনা দেয়া হয়েছে। ফলে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আগামীকাল ২১ এপ্রিল সন্ধ্যা ৬ টা হতে ২২ এপ্রিল ভোর ৬ টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।’
এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন। তিনি নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে আগামীকাল রবিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন রাতভর ইবাদত-বন্দেগি, তাসবিহ-তাহলিল-কোরআন তেলাওয়াত ও পরদিন রোজা রাখার। ঘরে ঘরে হালুয়া-রুটি-গোস্ত-পায়েস-শিরনী-ফিরনী-মিস্টান্নসহ উপাদেয় খাদ্য-খাবার তৈরির জন্য গৃহিণীরা ব্যস্ত।
কাল দিবসের সূর্য অস্ত গেলেই চরাচর ঘিরে নিবে এক ধর্মীয় উৎসবের আবহ। মসজিদগুলো ভরে উঠবে। ইমাম সাহেবরা বয়ান করবেন। মুসল্লিরা নামাজ আদায় করবেন। আত্মীয়-স্বজনরা পরস্পরের বাসা-বাড়িতে ঘুরবেন। পাড়ায় পাড়ায় আনন্দধারা বইবে। অনেকে যাবেন গোরস্থানে মৃত স্বজনদের জন্য দোয়া করতে। আলোক সজ্জায় উদ্ভাসিত করা হবে মসজিদ, পীরের মাজার, খানকাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান।
আতশবাজি ডিএমপি নিষিদ্ধ ফোটানো শবে বরাতে 2019-04-20