Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দিবসটি ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সে কারণে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার সবাইকে শৃঙ্খলা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সাধারণ দর্শনার্থীদের জন্য পলাশীর মোড়জগন্নাথ হল ক্রসিং হয়ে নির্ধারিত পথে শহীদ মিনারে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে প্রস্থান করতে বলা হয়েছে।

শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ বা বিস্ফোরক বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রবেশ ও প্রস্থান এবং শ্রদ্ধা নিবেদনের পর অন্যদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে ডাইভারশন কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশিবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...