এমএনএ প্রতিবেদক
এতদিন জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর বিরোধিতা করলেও সংসদে প্রধান বিরোধী দল নির্বাচিত হওয়ার পর এই অবস্থান থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী।
এ বছরের ২১শে ফেব্রুয়ারিতে জাতীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় দলটির আমীর এবং সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেছেন ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধে আসা তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব। এটি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার, যেখানে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতায় তারাও শহীদদের প্রতি সম্মান জানাতে উপস্থিত হয়েছেন।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য শান্তি ও রহমত কামনা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় তিনি দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং সবাইকে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কামাল হোসেনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
এছাড়া জানা গেছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো কর্মসূচি জুড়ে শহীদদের স্মরণ, দেশের অগ্রগতি এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

