এমএনএ রিপোর্ট : ২০১৬ সালের শিল্পকলা একাডেমি পদক ঘোষণা করা হয়েছে। বরাবরের মতো এবারও ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণী শিল্পী।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ বছর যন্ত্রসঙ্গীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজউদ্দিন খান পাঠান, নাট্যকলায় অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ এবং কণ্ঠসঙ্গীতে মিতা হক।
নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে স্বর্ণপদক, এক লাখ টাকা ও সনদপত্র প্রদান করা হবে।
সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাত গুণী শিল্পীকে ‘শিল্পকলা পদক’ দিয়ে সম্মানিত করছে শিল্পকলা একাডেমি। যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে
৭ জন গুণীশিল্পীর হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
আগামী ২০ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
লিয়াকত আলী লাকী জানান, ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করা হচ্ছে। পদক প্রদানের জন্য দশটি বিষয় রয়েছে- কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, আলোকচিত্র, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। আগামী বছর থেকে এর সঙ্গে যুক্ত হবে সাংস্কৃতিক গবেষণা ও সৃজনশীল সংগঠক বিষয় দুইটি।
তিনি জানান, এ পদক প্রদানের জন্য ‘শিল্পকলা পদক প্রদান নীতিমালা’ রয়েছে। এ অনুযায়ী একাডেমির মহাপরিচালক, একাডেমির সচিব, একাডেমির ছয় জন পরিচালক, সাত জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক জন প্রতিনিধির সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি রয়েছে। এই কমিটিই পদকপ্রাপ্তদের নির্বাচিত করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

