Don't Miss
Home / রাজনীতি / শুক্রবারের বিশৃঙ্খলা সাম্প্রদায়িক গোষ্ঠীর, পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

শুক্রবারের বিশৃঙ্খলা সাম্প্রদায়িক গোষ্ঠীর, পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ গতকাল শুক্রবারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতে ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় যারা তাণ্ডবলীলা চালিয়েছে তারা একটি সাম্প্রদায়িক গোষ্ঠী, যার পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। এ কারণে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে।
সেতুমন্ত্রী বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে।

ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।

বিএনপি ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতি গত চার দশকের বেশি সময় ধরে চর্চা করে আসছে ও উত্তরাধিকার বহন করে চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকার বিরোধিতার আড়ালে বিএনপি রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, বিএনপি নেতাদের এমন কথা শুনলে হাসি পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালে হরতাল আহ্বান এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ না করার অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি।

সেতুমন্ত্রী বলেন, কয়েকদিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই মোদি সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।

ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর সময়ে ভারতপ্রীতি বিএনপির রাজনীতির দ্বি-চারিতাকেই স্পষ্ট করে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলছে বলে মনে করেন তিনি।

ক্ষমতার মোহ বিএনপিকে অন্ধ করে রাখছে। ভারতের সরকার প্রধানের সফরের বিরোধিতার আড়ালে তারা মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বিরোধিতাই করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবস্থান নিয়েছে ৫০ বছর আগের পরাজিত শক্তির পক্ষে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে বলেন, ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের; কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের রাজনীতি চিরকালের।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...