শ্রীলঙ্কায় বোমা ট্রাজেডিতে প্রাণহানি বেড়ে ১৯০
Posted by: News Desk
April 21, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আজ সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯০ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে জানানো হয়েছিল ওই ঘটনায় ২০ জন মারা গেছে। তারপর বলা হয় ৭৯ জন নিহত হয়েছে।
আর সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সর্বশেষ প্রাপ্ক তথ্যে জানা গেছে, গির্জার পাশের একটি হোটেলে কিছুক্ষণ আগেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া আরও ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আজ রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
রবিবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।
এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলার শিকার তিন হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিগমবো ও উত্তর কলম্বোয় অবস্থিত। এসময় হাজার হাজার লোক ইস্টারের প্রার্থনারত ছিলেন।
খবরে বলা হয়েছে, কলম্বোর কোচচিকাদো অঞ্চলের সেন্ট অ্যানথনি এবং রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে নিগমবোতে সেন্ট সেবাস্তিয়ান ও আড়াইশ কিলোমিটার দূরে আরেকটি গির্জায় হামলা হয়।
সূত্র জানায়, উদ্ধারকারীরা হতাহতদের নিরাপদ জায়গা সরিয়ে আনার চেষ্টা করছেন।
হামলার পর কলম্বোর নিগমবো অঞ্চলের কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ভেতরে বিস্ফোরণে ধ্বংসের ছবি দেখা গেছে এটির অফিসিয়াল ফেসবুক পেজে। এতে গির্জার ফ্লোরে রক্ত বয়ে যেতে দেখা গেছে। আক্রান্তদের সহায়তা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলা হয়েছে।
ফেসবুক পেজে ইংরেজিতে লেখা একটি পোস্টে লেখা রয়েছে, আমাদের গির্জায় একটি বোমা হামলা হয়েছে। যদি আপনাদের পরিবারের সদস্যদের কেউ সেখানে থাকেন, দয়া করে এগিয়ে আসুন এবং তাদের পাশে দাঁড়ান।
হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিকের খবরে বলা হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলংকায় কেবল ছয় শতাংশ মানুষ ক্যাথলিক ধর্মাবলম্বী।
এ হামলার ঘটনার পর শ্রীলংকার সরকার ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে। দেশটির অর্থনৈতিক সংস্কারবিষয়ক মন্ত্রী হার্শা ডি সিলভা বলেন, কয়েক মিনিটের মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
তিনি বলেন, আমি মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি। বিদেশি নাগরিকসহ বহু লোক এতে হতাহত হয়েছেন। দয়া করে সবাই ঘরের ভেতরে ও শান্ত থাকুন।
বোমা প্রাণহানি শ্রীলঙ্কায় ট্রাজেডিতে বেড়ে ১৯০ 2019-04-21