এমএনএ জাতীয় ডেস্কঃ আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত অনুষ্ঠানে শনিবার (১২ ডিসেম্বর) তিনি একথা বলেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বলেন, ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন আইজিপি ড. বেনজীর আহমেদ, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৯টি ক্যাডারের প্রতিনিধিরা। সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
অনুষ্ঠানে সরকারের সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, ২৯টি ক্যাডারের কর্মকর্তা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র মোকাবিলা এবং স্বাধীনতাবিরোধী ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রজাতন্ত্রের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা রক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পুনরায় শপথ নেন। বক্তারা বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

