Don't Miss
Home / জাতীয় / সংরক্ষিত নারী আসনে এনসিপি’র প্রার্থী নুসরাতের শপথ, মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে রুল

সংরক্ষিত নারী আসনে এনসিপি’র প্রার্থী নুসরাতের শপথ, মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে রুল

এমএনএ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। বুধবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠান সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে তাদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত জানতে চেয়েছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না।

বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন এবং সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, তার সঙ্গে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাসেদুল ইসলাম জনি।

এর আগে মনিরা শারমিনের করা রিট আবেদন প্রথমে অন্য একটি বেঞ্চে ওঠে। তবে বিচারপতি আহমেদ সোহেল ব্যক্তিগত নৈতিক কারণে শুনানি থেকে বিরত থাকায় আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে এটি নতুন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

x

Check Also

কোরবানির পশু পরিবহনে সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর থাকবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহনে সড়কে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানের ...