সংসদ অধিবেশন বসছে আজ বিকালে
Posted by: News Desk
September 8, 2019
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ আগস্ট এই অধিবেশনের আহ্বান করেন।
সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।
অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশন হবে খুবই সংক্ষিপ্ত মাত্র ৭ থেকে ১০ কার্যদিবসের। এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।
সংসদের আইন শাখা সূত্র জানায়, এ অধিবেশনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাসের অপেক্ষায় রয়েছে। আর দুটি বিল উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংসদীয় কমিটিতে আছে। এগুলো হলোÑ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯ ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯। এ ছাড়াও আরও নতুন বিল আসতে পারে সংসদে।
এদিকে একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গত ১১ জুন শুরু হয় গত ১১ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থ বছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১শ’৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন এ বাজেট পাস করা হয়। মোট ২১টি কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি সরকারি বিল পাস হয়।
এছাড়াও রীতি অনুযায়ী ওই অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ বসছে বিকালে আজ অধিবেশন 2019-09-08