Don't Miss
Home / হোম স্লাইডার / সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর

এমএনএ রিপোর্ট : নতুন রাজনৈতিক জোটের পক্ষ থেকে অনুরোধের মধ্যেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

এর আগে আজ রবিবার বিকালে ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়।

তার আগে গতকাল শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়।

ইসি শাহাদত বলেন, আগামী ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওইদিন প্রধান নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করবেন।

তিনি বলেন, তফসিল ঘোষণার দিন নির্ধারিত হলেও সময় নির্ধারিত হয়নি। ওইদিন তিনি জাতির উদ্দেশ্য ভাষণও দেবেন।

তিনি বলেন, ৪ নভেম্বর তফসিল ঘোষণার চিন্তা কমিশনের ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হচ্ছে।

তফসিলের পর ভোটগ্রহণের জন্য ৪৫ দিনের বা কাছাকাছি সময় রাখা হবে বলেও জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আজকের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার, কমিশন সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার কমিশনের এক সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি ইসির রয়েছে। সে বিষয়ে রোববার বিকেলে ইসির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গতকাল শনিবার বিকালে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠিতে বলা হয়, আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়।

কিন্তু এর মধ্যেই একাদশ নির্বাচনের তফসিলের দিন-তারিখ ঘোষণা করল ইসি।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...