এমএনএ অর্থনীতি ডেস্ক : মহামারি করোনাভাইরাসের মধ্যেও অস্বাভাবিকভাবে বেড়েছে সঞ্চয়পত্র বিক্রি। গত অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ৪২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এই অঙ্ক মূল বাজেটের লক্ষ্যের চেয়ে দ্বিগুণেরও বেশি; সংশোধিত বাজেটের চেয়ে বেশি ৩২ শতাংশ। আর আগের অর্থবছরের চেয়ে বেশি প্রায় তিনগুণ।
অর্থনীতিবিদরা বলছেন, মহামারি করোনাভাইরাসের মধ্যেও সঞ্চয়পত্রের বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই সরকারকে ঋণ নিতে হয়েছে। এর মধ্যে সরকারের ভবিষ্যৎ ঋণের বোঝা বেড়ে গেছে। প্রতি মাসে সঞ্চয়পত্রের গ্রাহকদের মোটা অঙ্কের সুদ দিতে হবে, যা দেশের অর্থনীতির জন্য মোটেই ভালো ফল বয়ে আনবে না। এ থেকে রেহাই পেতে পেনশনার ও পরিবার সঞ্চয়পত্র ছাড়া অন্য সব সঞ্চয়পত্রের সুদের হার কমানোর পরামর্শ দিয়েছেন তারা।
জাতীয় সঞ্চয় অধিদফতর বৃহস্পতিবার সঞ্চয়পত্র বিক্রির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গত ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৫৯ কোটি ৫৪ লাখ টাকা। এ নিয়ে ৩০ জুন পর্যন্ত সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার ৯৪ কোটি টাকায় গিয়ে ঠেকেছে।
এই বিশাল অঙ্কের টাকার সুদ বা মুনাফা গুনতে হবে এখন সরকারকে। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ ছিল ৩ লাখ ২ হাজার ১৩৪ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে ১৪ হাজার ৪২৮ কোটি টাকা ঋণ নিয়েছিল। ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ধার করার লক্ষ্য ধরেছিল সরকার।
বিক্রি বেড়ে যাওয়ায় ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার সময় সেই লক্ষ্য বাড়িয়ে ৩০ হাজার ৩০২ কোটি টাকা করা হয়। কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে, সরকার সঞ্চয়পত্র থেকে মূল বাজেটের দ্বিগুণেরও বেশি ঋণ নিয়েছে। সংশোধিত বাজেটের চেয়ে বেশি নিয়েছে ৩২ শতাংশ। আর আগের অর্থবছরের চেয়ে বেশি নিয়েছে প্রায় তিনগুণ।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২০১৬-১৭ অর্থবছরে। ওই বছরে নিট বিক্রির পরিমাণ ছিল ৫২ হাজার ৪১৭ কোটি ৪৮ কোটি টাকা। তার পরের বছরে (২০১৭-১৮) বিক্রির পরিমাণ ছিল ৪৬ হাজার ৫৩০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে নিট বিক্রির অঙ্ক ছিল ৪৯ হাজার ৯৩৯ কোটি টাকা।
দেড় বছরের মহামারিতে মানুষের আয় কমে গেছে। তা ছাড়া মুনাফার ওপর করের হার বৃদ্ধি এবং নানা ধরনের কড়াকড়ি আরোপের পরও সঞ্চয়পত্র বিক্রিতে কেন এই উল্লম্ফন, অর্থনীতিবিদরা তার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

