এমএনএ অর্থনীতি ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী এবং দৃঢ় পদক্ষেপের কারণে করোনার মধ্যেও সরকার শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে গার্মেন্টসসহ সব কল-কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা এবং অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।
তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং গ্লোবাল অ্যালায়েন্স ইমপ্রুভড নিউট্রিশন-গেইনের যৌথ আয়োজনে দ্বিতীয় সাসটেইনেবল অ্যাপারেল সামিট-২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর শুরুতেই দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে গার্মেন্টস খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত জনগণের ওপর কভিড-১৯-এর প্রভাব হ্রাস করার জন্য ৩১ দফা নির্দেশনা জারি করেন। সরকার পুনরুদ্ধার প্যাকেজ হিসেবে ১৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। গার্মেন্টস শ্রমিকদের বেতনের জন্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছে। উন্নয়ন অংশীদাররাও আমাদের প্রচেষ্টায় সহায়তা করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের জন্য টেলিমেডিসিন সেবা চালু এবং আইএলওর সহযোগিতায় কভিড-১৯ প্রতিরোধে পেশাগত স্বাস্থ্য ও সেফটি গাইডলাইন তৈরি করেছে। সংকট নিরীক্ষণের জন্য ২৩টি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
‘ওয়ার্কফোর্স সেন্ট্রিক সাসটেনেবিলিটি ইন আরএমজি সেক্টর’ শীর্ষক এ সামিটের সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক ইউনিটের মহাপরিচালক ডা. মোহাম্মদ শাহাদত হোসেন মাহমুদ, বিকেএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএর স্বাস্থ্য সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. হানিফুর রহমান লোটাস এবং বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বক্তব্য দেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

