Don't Miss
Home / হোম স্লাইডার / সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা

সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা

এমএনএ রিপোর্ট : সংবাদপত্র ও বার্তা সংস্থার সাংবাদিকদের ও অন্যান্য কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করেছে সরকার। ওয়েজ বোর্ড গঠনের ৭ মাস ১৩ দিন পর এমন ঘোষণা এল।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। ২০১৮ সালের ১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নবম সংবাদপত্র মজুরি বোর্ডের পেশ করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধা ঘোষণা করেছে। অন্তবর্তীকালীন এই সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে গত ২৯ জানুয়ারি ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করে সরকার। সরকারের কাছে সুপারিশ দিতে বোর্ডকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে ওয়েজবোর্ড সুপারিশ করতে না পারায় গত ২৮ জুলাই নবম মজুরি বোর্ডের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

সংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ২০১২ সালের ১৮ জুন অষ্টম ওয়েজ বোর্ড গঠন করেছিল সরকার। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেয়া হয়, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়।

এর আগে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সংবাদপত্রকর্মীদের বেতন-ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘদিন কর্মসূচিও পালন করে তারা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...