Don't Miss
Home / রাজনীতি / সাংবাদিক রোজিনা ন্যায়বিচার পাবেন: ওবায়দুল কাদের
রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনা ন্যায়বিচার পাবেন: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিহবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ ঘটনায় যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনো ধরণের অবিচার করা হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের চার দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং চারটি হাসপাতালে চারটি হাই-ফ্লো নজেল ক্যানুলা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা চারটি সংগঠনে শিক্ষাসহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সেখানে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি না-ও হতে পারত।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম । স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়।

পরের দিন মঙ্গলবার (১৮ মে) সকালে রোজিনাকে আদালতে তুলে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...