Don't Miss
Home / হোম স্লাইডার / সানোফি অধিগ্রহণের অনুমোদন পেলো বেক্সিমকো
সানোফি

সানোফি অধিগ্রহণের অনুমোদন পেলো বেক্সিমকো

এমএনএ শিল্প ও বণিজ্য ডেস্ক : বহুজাতিক ওষুধ উৎপাদনকারী কোম্পানি সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণের অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশ ব্যাংক থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে রোববার (৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউক্যালসের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, চলতি বছরের ২৪ জানুয়ারি সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণের প্রস্তাব দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে বেক্সিমকো ফার্মার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানোফি বাংলাদেশ লিমিটেডের যে ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার সানোফি গ্রুপের হাতে ছিল, তা কিনে নিতে চুক্তি করেছে তারা। সানোফি বাংলাদেশের এই শেয়ার অধিগ্রহণের ক্ষেত্রে ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।

সানোফি বাংলাদেশের বাকি ৪৫ দশমিক ৪ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ দশমিক ৩৬ শতাংশ আছে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং ১৯ দশমিক ৯৬ শতাংশ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের হাতে।

সে সময় জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ফরেইন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট বিভাগের ছাড়পত্র এবং ক্রয়-বিক্রয়ের অর্থ লেনদেনের অনুমতি পেলেই সানোফির সঙ্গে চূড়ান্ত ক্রয় চুক্তি করবে বেক্সিমকো। সেজন্য তিন থেকে নয় মাস সময় লাগতে পারে।

বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয়, এ অধিগ্রহণ বেক্সিমকো ফার্মার জন্য একটি শক্তিশালী কৌশলী পদক্ষেপ, যার ফলে দীর্ঘমেয়াদে উভয় কোম্পানির জন্যই নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এছাড়া এই চুক্তির মাধ্যমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধির ভিত মজবুত হবে ও আন্তর্জাতিক বাজারে কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ অধিগ্রহণের ফলে বেক্সিমকো হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, চর্মরোগ চিকিৎসার ওষুধ ও ভ্যাকসিন বাজারজাতকরণের মাধমে নিজেদের উপস্থিতি ও অবস্থান আরও দৃঢ় করতে পারবে।

১৯৫৮ সালে ‘মে অ্যান্ড বেকার’ নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে বহুজাতিক কোম্পানি সানোফি। পরে ২০০৪ সালে সানোফি-অ্যাভেন্টিস গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়। ২০১৩ সালে কোম্পানিটির নাম বদলে সানোফি বাংলাদেশ লিমিটেড রাখা হয়।

টঙ্গীতে এ কোম্পানির একটি ওষুধ তৈরির কারখানা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন ভ্যাকসিন, ইনসুলিন ও কেমোথেরাপির নানা ওষুধ সানোফি বাংলাদেশ আমদানি করে। হৃদরোগ, ডায়াবেটিস, টিউমার চিকিৎসা, চর্মরোগ ও সিএনএসে সানোফির ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

চুক্তির আওতায় টঙ্গীতে সানোফির কারখানার কাছে ২৫ একর জায়গাজুড়ে একটি সেফালোস্পিরিন অ্যান্টিবায়োটিক তৈরির কারখানাসহ অন্যান্য ওষুধ তৈরির কারখানার মালিকানাও বেক্সিমকো পাবে।

২০১৯ সালে বিশ্ববাজারে ৩৬ বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করা ফরাসি কোম্পানি সানোফি বাংলাদেশের পক্ষ থেকে ওই বছরের অক্টোবরে বলা হয়েছিল, আমরা মনে করি, বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা পুরোপুরিভাবে কাজে লাগানোর মতো অবস্থানে সানোফি নেই। এ অবস্থার পরিবর্তনে সানোফি বাংলাদেশ লিমিটেডে থাকা আমাদের শেয়ার হস্তান্তরের জন্য অংশীদার খুঁজছি আমরা।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...