এমএনএ প্রতিবেদক
বগুড়ার সান্তাহার জংশনের কাছাকাছি আদমদীঘি উপজেলার ছাতনীগ্রামের বাগবাড়ি এলাকায় আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস দুপুর প্রায় ২টার দিকে সান্তাহার জংশনে যাত্রাবিরতি শেষে স্টেশন ত্যাগ করে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি বাগবাড়ি এলাকায় হঠাৎ ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, দুর্ঘটনাস্থলের রেললাইনে আগে থেকেই ত্রুটি থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ত্রুটির কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।
অন্যদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে লাইনম্যান বিপদের আশঙ্কায় লাল পতাকা দেখিয়ে সতর্ক সংকেত দিয়েছিলেন। তবে ট্রেনচালক সেই সংকেত খেয়াল করেননি বা উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেন তারা। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “লাল পতাকা দেখানো হয়েছিল। সেটা মানা হলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত।”
এদিকে দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানো ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। উদ্ধার কাজে রেলওয়ে কর্মী, ফায়ার সার্ভিস সদস্য এবং স্থানীয়রা অংশ নিয়েছেন। ভারী বগি সরানো ও রেললাইন ঠিক করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে প্রধান পরিবহন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছে। তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোও আপাতত বাতিল করা হয়েছে। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অন্তত একটি লাইন সচল করার চেষ্টা চলছে, যাতে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু করা যায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

