Don't Miss
Home / হোম স্লাইডার / সিইসিই সুষ্ঠু নির্বাচন চান না : রুহুল কবির রিজভী

সিইসিই সুষ্ঠু নির্বাচন চান না : রুহুল কবির রিজভী

এমএনএ রিপোর্ট : পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ মতোই কাজ করছে বলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সিইসি স্বীকার করে নিলেন যে, সারাদেশে যতো হামলা, মামলা, গায়েবি মামলা, গ্রেপ্তারসহ সবকিছু হচ্ছে সিইসির নির্দেশে। তার বক্তব্যে পরিষ্কার হলো তিনি সুষ্ঠু নির্বাচন চান না। যে করেই হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে-এটাই কমিশনের মনোবাসনা।

আজ রবিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী পুলিশের সমন্বয়ের মধ্যে থাকবে, এমন সিদ্ধান্ত নজিরবিহীন ও দুরভিসন্ধিমূলক। সিইসি বলেছেন যে, আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে নামবে। সেনাবাহিনী একটি সুপিরিয়র বাহিনী হিসেবে পুলিশের কমান্ডে কী করে কাজ করবে? সেনাবাহিনীকে আর কতো ছোট করা হবে?’

তিনি বলেন, সাধারণত সেনাবাহিনী যেখানে মোতায়েন করা হয়, সেখানে রাষ্ট্রের অন্য বাহিনীগুলো (বিজিবি, পুলিশ, আনসার ইত্যাদি) সেনাবাহিনীর কমান্ডেই কাজ করে। এটিই বিশ্বব্যাপী সর্বজনীন নিয়ম।

‘যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে গর্বিত বাহিনী হিসেবে সবার কাছে সমাদৃত হয়েছে, সেই বাহিনীকে আর কত নিচু করা হবে?’

তিনি বলেন, সে ক্ষেত্রে যশোরের বিএনপি নেতা ও দলের মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর লাশ বুড়িগঙ্গায় ভেসে ওঠা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তার বক্তব্যে পরিষ্কার হল তিনি সুষ্ঠু নির্বাচন চান না, যে করেই হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে- এটিই কমিশনের মনোবাসনা।

তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে না ঢুকতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ‌একতরফা নির্বাচন করতে, দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতেই তিনি সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য নয়। সিইসির বক্তব্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও বেপরোয়া করে তুলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবেন না, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেন না, পর্যবেক্ষকদের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ভোট পর্যবেক্ষণ করতে হবে, তাহলে কি শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসী বাহিনী আর আওয়ামী চেতনায় সাজানো আইন-শৃঙ্খলা বাহিনী মিলে নির্বাচন করবে?

ভোট ডাকাতির সুযোগ করে দিতেই যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনগণ বিশ্বাস করে। বর্তমানে যে পরিবেশ বিরাজমান, এ পরিস্থিতিতে কোনো ভোটার ভোটকেন্দ্রে যাবে না। সুতরাং সিইসির বক্তব্যে পরিষ্কার হল যে, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় তিনি নিজেই।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান। বর্তমান ডিজি সামীম মো. আফজাল দীর্ঘ ১০ (দশ) বছর ওই প্রতিষ্ঠানে কর্মরত। প্রশাসনিক কাজে অমনোযোগী হলেও দলীয়করণ ও দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ ভূমিকা রেখেছেন। বিএনপি প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলেন এই মহাপরিচালক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে ওয়াজ মাহফিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ ইসলামী ফাউন্ডেশনের অধীনস্ত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে’ লক্ষাধিক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও কেয়ারটেকার কর্মরত রয়েছে। অন্যান্য প্রকল্প ও রাজস্ব খাতসহ প্রায় দেড় লাখ জনশক্তিকে দলীয়করণের কাজে ব্যবহার হতে বাধ্য করছেন এই ডিজি। ৪৫ দিনব্যাপী ৬৪ জেলায় নির্বাচনী প্রচারণার কাজ বাস্তবায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রিজভীর অভিযোগ, শিক্ষক প্রশিক্ষণ ও দাওয়াতি মাহফিলের নাম করে প্রতি উপজেলায় জনসভার আয়োজন করে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন ডিজি। এতে প্রায় ২ (দুই) কোটি সরকারি টাকার তছরুপ হচ্ছে। নির্বাচন কমিশনের আদেশের তোয়াক্কা না করে কর্মসূচি অব্যাহত রেখেছে।

জরুরি ভিত্তিতে নির্বাচনী জনসভা (দাওয়াতি মাহফিল) বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজালকে অপসারণ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান রিজভী।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...