এমএনএ অর্থনীতি ডেস্কঃ করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেও দেশে ব্যাংকিং কার্যক্রম শুরুর অনুমতি পেলো নতুন একটি ব্যাংক।
সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিটিজেনস ব্যাংককে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, পেইড আপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) ৫০০ কোটি টাকাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণের পর সিটিজেনস ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সিটিজেনস ব্যাংক কর্তৃপক্ষকে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেওয়া হবে। দেওয়া সব শর্ত মেনে ব্যাংকটি কার্যক্রম শুরু করতে পারবে।
এ নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬১টিতে দাঁড়াল। এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ৯টি। বেসরকারি ব্যাংক ৪২টি। আর বিদেশি ব্যাংক ৯টি।
সমালোচনার মধ্যে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেনস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যে বেঙ্গল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলম এই গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির চেয়ারম্যান হলেন তার ছোট ভাই বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। ইতোমধ্যে ব্যাংকটি কার্যক্রম শুরু করেছে।
পিপলস ব্যাংকের আবেদনে প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে নাম আছে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ কাশেমের।
কিন্তু ব্যাংকটি প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সোমবারের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়নি বলে জানান সিরাজুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে এ নিয়ে ১৬টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ আইনে গঠিত প্রবাসী কল্যাণ ব্যাংককে গত বছর তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন দেওয়া হয়।
গত সরকারের শেষ দিকে এই তিনটিসহ চারটি বাণিজ্যিক ব্যাংকের আবেদন জমা পড়েছিল কেন্দ্রীয় ব্যাংকে। তখন বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট (বিপিডব্লিউটি) এর উদ্যোগে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক শুধু অনুমোদন পেয়েছিল।
বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ায় আরও ব্যাংক অনুমোদনের পক্ষে যুক্তি দেখানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।
তবে মহামারীর এই সময়ে নতুন আরও একটি ব্যাংকের অনুমোদনের তীব্র সমালোচনা করছেন সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ।
বর্তমান পরিস্থিতিতে নতুন ব্যাংকের টিকে থাকা কঠিন বলে মনে করেন এই ব্যাংকার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

