Don't Miss
Home / হোম স্লাইডার / সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এমএনএ রিপোর্ট : বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার আলাদা শোকবার্তায় এ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান। শোকবার্তায় আবদুল হামিদ বলেন, সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে না ফেরার দেশে চলে যান সুবীর নন্দী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি। টানা ১৮ দিন অজ্ঞান থাকার পর গত ৩ মে শুক্রবার চোখ খোলেন সুবীর নন্দী। এরপর গত রবিবার তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। গত শনিবার ও রবিবার দুইবার হার্ট অ্যাটাক হয় তার।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...