Don't Miss
Home / আজকের সংবাদ / সু চির ঘোষণা ভাঁওতাবাজি : এরশাদ

সু চির ঘোষণা ভাঁওতাবাজি : এরশাদ

এমএনএ রিপোর্ট : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ঘোষণা ভাঁওতাবাজি বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রবিবার রংপুরের দর্শনা এলাকায় নিজের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ থেকে ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, খাওয়ানো এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমার মনে হয় কোনো দিনই রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। এদের ভার আমাদেরই বহন করতে হবে। ওদের আশ্রয়-খাবারের ব্যবস্থা আমাদেরই করতে হবে।’

তিনি বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া অত্যন্ত কঠিন কাজ। এর পরও তাদের দেশে আশ্রয় দিতে হবে স্থায়ীভাবে, সেভাবেই পরিকল্পনা করতে হবে।

মিয়ানমারের নেত্রী অং সান সু চি ঘোষণা দিয়েছেন— দেশত্যাগ করা রোহিঙ্গাদের আইডি কার্ড দেখে বেছে বেছে মিয়ানমারে ফিরিয়ে নেবে। কিন্তু যাদের আইডি কার্ড নেই তাদের কীভাবে ফিরিয়ে নেবে? সু চির এ ঘোষণা ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।

এরশাদ বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নির্মমতা সারা বিশ্বের মানুষের বিবেক নাড়া দিয়েছে। অনেকে মনে করেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু মিয়ানমার সরকারের যে মনোভাব তাতে আমার মনে হয় না এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। দেশ ত্যাগ করা এসব রোহিঙ্গার ভার আমাদেরই বহন করতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ হবে আমাদের দেশের জন্য। তবুও এটা করতে হবে।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছির প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনদিনের সফরে আজ রবিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রংপুরের দর্শনায় আসেন। সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে পল্লী নিবাসের বাসভবনে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এরশাদ বলেন, রংপুরের ৬টি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে এবং নির্বাচন করবে। ‘দুটি আসনে ইতিমধ্যেই আমি প্রার্থী ঘোষণা করেছি। তারা কাজ করছে। এবার নিজের নির্বাচনী এলাকায় আগাম নির্বাচনী প্রচার চালাতে এবং রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষে প্রচারণা চালাতে রংপুরে এসেছি। আশা করি আমাদের প্রার্থী জয়ী হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...