Don't Miss
Home / আজকের সংবাদ / সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের বর্ষপূর্তির দিনে সেখানে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো নেতা-কর্মীদের মুখে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। জনসভা শুরু হয় দুপুর ২টায়। আজ বুধবার বিকাল তিনটার দিকে সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনসভাস্থলে প্রধানমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিতি নেতাকর্মীরা দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের জবাব দেন।
বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে সকাল ৯টা থেকে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বাংলা একাডেমির বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য মানুষের দীর্ঘ লাইন সকাল থেকেই। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথ দিয়ে সুসজ্জিত পোশাকে মিছিল নিয়ে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। উপচেপড়া ভিড় এখন সমাবেশস্থলে। এরই মধ্যে কানায় কানায় ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান ছাপিয়ে মানুষ ছড়িয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও।
সমাবেশে লোকজন আসার সুবিধার্থে সকাল ১১টা থেকে শাহবাগের রূপসী বাংলা সিগন্যাল, কাটাবন মার্কেট মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁরপুল, জিপিও ও মৎসভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা যায়, লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা।
দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দিনটি উদযাপনের জন্য আসছেন উদ্যানে।
রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের মিছিল-স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। ঢোল-তবলাসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যঞ্জনায় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রীর আগে মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।
ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ‌্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিযে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...