Don't Miss
Home / হোম স্লাইডার / সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলো জার্মানি

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলো জার্মানি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল রবিবার এ কথা জানান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এনডিটিভি।

জার্মানির অর্থমন্ত্রী পিটার আলমেইর সোমবার বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে এ মুহূর্তে সৌদি আরবের কাছে নতুন করে আর অস্ত্র রপ্তানি না করার। আমরা জানতে চাই খাশোগির ব্যাপারে আসলে কী ঘটেছে।’

একই সঙ্গে অন্য ইউরোপীয় দেশগুলোকেও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বলেছে জার্মানি। আলমেইর বলেন, ‘অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানাবো তারা যেন আমাদের সিদ্ধান্তকে অনুসরণ করে। কেননা খাশোগি বিষয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে।’

তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

এ নিয়ে প্রথম থেকেই সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছিলো। এমনকি হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজন মোহাম্মদের খুব ঘনিষ্ঠ বলেও খবর মেলে বিভিন্ন সূত্রে।

হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির ছেলে সালাহকে ফোন করে ‘সমবেদনা’ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স (‍যুবরাজ) মোহাম্মদ বিন সালমান।

বাদশাহ-যুবরাজ অভিযোগের বলয়ে থাকলেও আজ সোমবার সৌদি প্রেস এজেন্সি জানায়, তারা দু’জনেই খাশোগিপুত্র সালাহকে ফোন করে সমবেদনা জানিয়েছেন।

তবে এর বাইরে বাদশাহ-যুবরাজ আর কিছু বলেছেন কি-না, তা জানা যায়নি।

খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় গত শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...