স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটির ছুটি বাতিল
Posted by: News Desk
August 3, 2019
এমএনএ রিপোর্ট : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল করে আজ শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে দুটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে বলা হয়েছে, মশা নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে এ কার্যক্রমকে সফল করার জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের ৩০ জুলাইয়ের অফিস আদেশ মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো।
যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে মশক নিধন অভিযান সফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর/সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এর অংশহিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এমতাবস্থায় মশা নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে এ কার্যক্রমকে সফল করার জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো।
ইতোমধ্যে ছুটিতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে কর্মস্থলে যোগদানেরও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. এরশাদুল হক জানান, মশক নিধন কার্যক্রমকে সফল করার লক্ষে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সব দফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।
বিভাগ সরকার ছুটি বাতিল স্থানীয় দুই সিটির 2019-08-03