Don't Miss
Home / আইন আদালত / স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু

স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু

এমএনএ রিপোর্ট : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা এই জামিন দেন।

গত ৯ মে একই আদালত থেকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান সাক্কু। আজ বুধবার তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন।

একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন। এ ছাড়া মামলাটি বিশেষ জজ আটে বদলি করা হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুঁলি তাপস কুমার পাল বলেন, বিচারের জন্য মামলাটি ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিচারক আগামী ১২ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. সানাউল্লা মিয়া।

এর আগে ৯ মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে ২৪ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন মনিরুল ইসলাম সাক্কু।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...