সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান শাজাহান খান
Posted by: News Desk
February 17, 2019
এমএনএ রিপোর্ট : সড়কের নিরাপত্তা, শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার।
আজ রবিবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
আজ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়। এই দুই কমিটিকে আগামী ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হয় বলা জানানো হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টিকে আমরা ফোকাস করেছি। দুর্ঘটনা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়কের উন্নয়ন করতে পেরেছি, এবার সড়কে শৃঙ্খলা ফেরাব। হতাশ হবেন না, সাময়িক কিছু সমস্যায় আছি।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ শ্রমিক-মালিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান কমিটির দুর্ঘটনা সড়ক নিয়ন্ত্রণ শাজাহান খান 2019-02-17