হরতাল ধর্মঘটে সেবা দেবে বিআরটিসি
Posted by: News Desk
September 2, 2019
এমএনএ রিপোর্ট : দেশে হরতাল, পরিবহন ধর্মঘট ও ইজতেমাসহ দুর্যোগপূর্ণ বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়া হবে- বিষয়টি সংযুক্ত করে বিআরটিসি আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও আইনে বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিআরটিসি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বিআরটিসি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের পক্ষ থেকে ১২ জন ও বেসরাকারি ১২ জন মিলিয়ে মোট ২৪ জনের পরিচালনা বোর্ড গঠনের কথা বলা হয়েছে আইনে। এদের মধ্যে তিনজন বেসরকারি নারী প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আর বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে আইনটিতে।
সচিব বলেন, এটা ১৯৬১ সালের অধ্যাদেশ। এই অধ্যাদেশের আপডেট করা হয়েছে। ঘষামাজা করে আইনে পরিণত করা হচ্ছে। তবে এখানে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এ আইনে একটি শব্দ যুক্ত হয়েছে। ‘সদস্য সচিব’ শব্দটি দুইয়ের ক-এ যোগ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ পরিচালনা পরিষদের সদস্য সচিব।
তিনি যোগ করেন, ১৯৬১ সালের তৈরি ‘বাংলাদেশ সড়ক পরিবহন অধ্যাদেশ’ আইনে পরিণত করা হয়েছে। পরিবর্তিত আইন অনুযায়ী হরতাল, ইজতেমা, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবহন ধর্মঘটের মতো পরিস্থিতিতে বিআরটিসির বিশেষ সেবা দেয়ার নির্দেশ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
আইনে নতুন একটি সংযোজন আনা হয়েছে, সেটা ‘৫ (ড)’ উল্লেখ করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিষয়টি নতুন করে যুক্ত করা হয়েছে। জরুরি কাজটি বিআরটিসির কাজের অংশ হিসেবে নতুন করে সংযোজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিআরটিসির শেয়ার মূলধন ছয় কোটি থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানের শেয়ার থাকবে ৫১ শতাংশ আর ৪৯ শতাংশ শেয়ার থাকবে বেসরকারি। এই মূলধন বার্ষিক সাধারণ সভার মাধ্যমে অনুমোদনের বিধান রাখা হয়েছে।
সেবা হরতাল বিআরটিসি ধর্মঘটে দেবে 2019-09-02