এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে লখিমপুরে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।কংগ্রেসের দাবি, হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। পথে দফায় দফায় বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় তার গাড়িবহর।
এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তার হাতে হাতকড়াও পরানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।ভিডিওতে দেখা যায়, পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্যদিকে, প্রিয়াঙ্কার দাবি, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না।
ভিডিওতে প্রিয়াঙ্কার সঙ্গে থাকা কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডাকে বলতে শোনা যায়, পুলিশ কেন কংগ্রেস নেত্রীকে ধাক্কা দিচ্ছে। তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন। প্রতিবাদ করায় দীপেন্দ্রকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করতে শোনা যায় প্রিয়াঙ্কাকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

