এমএনএ অর্থনীতি রিপোর্ট : ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের নতুন নোট আনছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পর্যায়ক্রমে অন্যান্য কার্যালয় থেকে নতুন এ নোট পাওয়া যাবে।
আগের নকশা অপরিবর্তিত রেখে শুধু নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে নতুন নোটে। এতে করে এসব নোট জাল করা অনেক কঠিন হবে।
নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ ও ৫০০ টাকার নোটও প্রচলিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শতভাগ কটন কাগজে এ নোট ছাপানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ দুই মূল্যমানের নতুন নোট বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে এর হলোগ্রাফিক বা স্টারক্রোম অংশের রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচের দিকে যেতে থাকবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো যাবে
না। নোটের রঙ, ডিজাইন ও অন্যসব নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
নতুন নোটেও জলছাপ, রঙ পরিবর্তনশীল (ওভিআই) কালিতে লেখা ১০০ ও ৫০০, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যথাক্রমে তিনটি ও চারটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট ও খসখসে লেখা একই রকম রয়েছে।
১০০ টাকার নতুন নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে স্টারক্রোম নামের লাল রঙের নিরাপত্তা সুতা ও উজ্জ্বল রূপালি বারের সমন্বয়ে পেঁচানো অবস্থায় দেখা যাবে। ৫০০ টাকার নোটের নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে লাল রঙের নিরাপত্তা সুতা ও উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয় পেঁচানো অবস্থায় দেখা যাবে।
এ নিরাপত্তা সুতার দিকে সরাসরি তাকালে বা আলোর বিপরীতে দেখলে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’, ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখাটি দেখা যাবে। ‘১০০ টাকা’ ও ‘৫০০ টাকা’ লেখা কিছু ক্ষেত্রে নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ ও আংশিক এবং কিছু ক্ষেত্রে নিরাপত্তা সুতার ভেতরে অবস্থান করবে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও জোরালো করতে এ পরিবর্তন করা হয়েছে। নতুন নোটে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের প্রলেপ দেওয়া দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে ছাপানো হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

