এমএনএ প্রতিবেদক
আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্পের পাইলটিংয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন উপ-কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলা বাছাই করা হয়েছে। প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ একযোগে এসব উপজেলায় কার্যক্রম শুরু হবে। চার মাসের মধ্যে পাইলট কার্যক্রম সম্পন্ন করে পর্যায়ক্রমে সারা দেশে প্রকল্পটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মা-বোনেরা আর্থিক সহায়তা পাবেন। প্রত্যেক সুবিধাভোগী মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। ঘরে ঘরে গিয়ে ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে; বসে বসে তালিকা প্রণয়ন করা হবে না। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে। প্রতিটি উপজেলায় তদারকির দায়িত্বে থাকবেন একজন প্রথম শ্রেণির কর্মকর্তা। তথ্যগত ভুল কমাতে দুই স্তরের যাচাই-বাছাই প্রক্রিয়া রাখা হবে।
সরকার আশা করছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

