নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগনে উদ্ধার
Posted by: News Desk
June 20, 2019
এমএনএ রিপোর্ট : চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অপহৃত ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণকারীরা তাকে নামিয়ে দিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন।
ওসি আরো জানান, সৌরভকে এখন ঢাকায় নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় ফেসবুক লাইভে এসে সোহেল তাজ জানান, যে জায়গায় তার ভাগনেকে ফেলে রাখা হয়েছিল, সেখান থেকে পুলিশ সুপার তাকে নিয়ে এসেছেন। সৌরভ এখন পুলিশ হেফাজতে। তাকে ঢাকায় আনা হচ্ছে।
উদ্ধারের খবর পেয়ে উচ্ছ্বসিত সোহেল তাজ , ‘মূল কথা হচ্ছে, সৌরভকে পাওয়া গেছে। সে আমাদের মাঝে ফিরে আসছে।’
তিনি জানান, ভোর ৫টা ২৭ মিনিটে সৌরভের মায়ের কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, সৌরভকে একটি গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত কর্মকর্তাকে জানানো হলে তিনি ময়মনসিংহের এসপিকে টেলিফোনে জানান। তারা এসে সৌরভকে উদ্ধার করে।
লাইভে তিনি আরো বলেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা অন্তত একজনের জীবন বাঁচিয়েছি। আমি আশা করবো, এরকম ঘটনা যেন আর না ঘটে। সৌরভের মতো যারা তাদের বাবা-মায়ের পাশে নেই তারা যেন ফিরে আসে।’
গত ৯ জুন চাকরির সিভি জমা দিতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আফমি প্লাজা এলাকা থেকে সৈয়দ ইফতেখার আলম সৌরভ অপহৃত হন। সৌরভ বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই দিন রাতে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত সোমবার সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান ও বাবা সৈয়দ মো. ইদ্রিস আলমকে সঙ্গে নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন সোহেল তাজ। সৌরভের পরিবারের অভিযোগ, চট্টগ্রামের প্রভাবশালী পোশাক ব্যবসায়ী আবু সালেহ চৌধুরী আজাদের যোগসাজশে সৌরভকে অপহরণ করা হয়েছে। তার মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্কের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এর পেছনে সরকারি কোনো বাহিনীর কর্মকর্তাদের হাত রয়েছে বলেও সোহেল তাজের সন্দেহ।
পরিবারের দাবি, গত ১৬ মে বনানীর একটি বাসা থেকে র্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়ে যায়। তারাই দ্বিতীয় দফা অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের প্রথম থেকে র্যাব-পুলিশ ছাড়াও তারা দুটি গোয়েন্দা সংস্থার যুক্ত থাকার কথা বলছেন।
সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। সৌরভ ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম বানাতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
এর আগে গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার ভাগনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
১১ দিন উদ্ধার তাজের নিখোঁজের ভাগনে সোহেল 2019-06-20