এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপিকে দেশের একটি মহাদুর্যোগ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে।
শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথমবার সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে রংপুর, চট্টগ্রাম এখানে-সেখানে মানুষের ঢল নেমেছে। আমি বিএনপিকে বলবো, চার দিন আগে কাঁথা-বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন। কুমিল্লায় সভাস্থলে যা আছে তার বাইরে আরও তিন গুণ আছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্নীতির টাকার মুচলেকা দিয়ে তিনি (তারেক রহমান) লন্ডন পাড়ি দিয়েছেন। বাংলার মানুষ এখন আর খুনি, দুর্নীতিবাজ আর অপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘১৫ আগস্টের মাস্টার মাইন্ড সেনাপতি জিয়াউর রহমান। কুমিল্লার কুসন্তান খন্দকার মোশাররফের নির্দেশনায় সে জাতির জনকের খুনে সহযোগিতা করেছে। আর তারই দল বিএনপি। আমি বলতে চাই, দেশে একটি মহাদুর্যোগ টিকে আছে। সেটি হলো বিএনপি।
সমাবেশের সভাপতিত্ব করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অনুষ্ঠানে প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং বিশেষ বক্তা থাকবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

