Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ২০০ টাকা ছাড়ালো পেঁয়াজের কেজি

২০০ টাকা ছাড়ালো পেঁয়াজের কেজি

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রাজধানী ঢাকার খুচরা বাজারে আজ বৃহস্পতিবার এলাকাভেদে দেশি পেঁয়াজ ২০০ টাকা থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা থেকে ৬০ টাকা। গতকাল বুধবার পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বৃহস্পতিবার দাম বেড়ে ১৮০ টাকা হয়েছে। আগামী দু’একদিনে দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকা ছাড়াবে বলে কাঁচামাল ব্যবসায়ীরা জানিয়েছেন।

খুচরা বাজারে গতকাল বুধবার পেঁয়াজের কেজি ছিল ১৬০ টাকা। এদিকে আজ বৃহস্পতিবার সকালের দিকে পাইকারি আড়তে পেঁয়াজের কেজি ১৮০ টাকা বিক্রি হলেও বেলা ১২টার দিকে দাম কেজিতে ১০ বেড়ে ১৯০ টাকা হয়েছে। অর্থাৎ ৪ ঘণ্টার ব্যবধানে মণ প্রতি ৪০০ টাকা বেড়ে গেছে।

দেশের বিভিন্ন জেলার খুচরা বাজারে বিদেশ হতে আমদানিকৃত পেঁয়াজ দেখা যাচ্ছে না। এ বিষয়ে আড়তদার শহীদ জানান, যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বাজারেই শেষ হয়ে যাচ্ছে। এদিকে আসছে না। ব্যবসায়ীদের দাবি, বাজারে ভারতীয় পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজের মজুদও প্রায় শেষ। ঘূর্ণিঝড়ে পেঁয়াজ পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ঘূর্ণিঝড়ের পর এক লাফে দাম বেড়ে যাওয়াটা ব্যবসায়ীদের নতুন আরেকটি অজুহাত মাত্র। যথাযথ নজরদারির অভাবে প্রশ্রয় পেয়েছে অসাধু ব্যবসায়ীরা। সরবরাহ প্রচুর থাকলেও মোকামে ঘাটতি কথা বলে এই চক্র সকল ধরনের পেঁয়াজ পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে এ মৌসুমে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসছে না পেঁয়াজের দাম।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান বলেন, পেঁয়াজের দাম সারা দেশেই উর্দ্ধমূখি। এ বিষয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

সরকারি নানা উদ্যোগেও কমছে না নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। এতে ভোগান্তিতে পড়েছে স্বল্পআয়ের মানুষ। অবস্থা এমন যে, বাজার থেকে শুরু করে অফিস-আদালত সব জায়গায় এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘পেঁয়াজ’। যারা আগে বাজারে গিয়ে দুই কেজি পেঁয়াজ কিনতেন তারা এখন কিনছেন ২৫০ গ্রাম। অনেকেই আবার বলছেন, পেঁয়াজ না খেলে কি হয়? পেঁয়াজ ছাড়া কি রান্না হয় না? অথচ বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও দাম এতটা বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। কারণ বর্তমানে চাহিদার চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ দেশে রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতবছর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ পেঁয়াজ দেশে আছে তা চাহিদার চেয়ে অনেক বেশি। তাহলে এভাবে লাগামহীনভাবে পেঁয়াজের দাম বাড়ছে কেন?

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...