Don't Miss
Home / রাজনীতি / ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু
শাহাবুদ্দিন চুপ্পু

২২তম রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু

এমএনএ রাজনীতি ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতি হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

কাদেরের সঙ্গে নির্বাচনে কমিশনে যান জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

নাম জমার পর ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে দলের মনোনীত প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পু নাম জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে সাহাবুদ্দিনই যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই পরিষ্কার।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...